প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ খালি, তিন ধাপে নিয়োগের পরিকল্পনা

দেশের সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তরগুলোতে অনুমোদিত পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা পাঁচ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। এই জনবল সংকট কাটাতে ও ফাঁকা পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। ওই সময় জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে উপস্থাপিত তথ্যে জানানো হয়, গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত 'স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫' প্রতিবেদন অনুযায়ী মোট অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। তবে এসব পদের বিপরীতে বর্তমানে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। বিপুলসংখ্যক শূন্যপদ পূরণকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী লিখিত জবাবে আরও বলেন, সরকারের প্রণীত কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সম্পন্ন করা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদে লোকবল সংক্রান্ত আপডেট তথ্য পাঠানোর তাগিদ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
একই সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে লোকবল নিশ্চিত করার জন্য সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়েছে সকল মন্ত্রণালয় ও বিভাগকে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগে এই সংক্রান্ত নিয়োগ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।